২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:01 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

পাবনা সুজানগর উপজেলায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও দুই শিশু।

সোমবার বিকাল ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার চব্বিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহতরা হলেন- উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।

আহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও তার ভাতিজা সিয়াম শেখকে (৬) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তাফিজার রহমান বলেন, পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। পথে একই দিকে যাওয়া মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান জব্দুল শেখ ও তার মেয়ে।

তিনি বলেন, ঘটনার পরপর চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।