নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ
পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।
নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার সময় এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার সন্ধ্যায় পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, শনিবার গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদল কর্মী মাসুম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ রয়েছে। শনিবার রাতে ফকির বাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিলেন মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন।
এ সময় পূর্ববিরোধের জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ছাত্রদল নেতা মাসুম।
এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন।
আহতদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।
তিনি বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। হামলাকারীদের আটকে অভিযান চলছে।
