কুমিল্লায় ত্রাণ বিতরণে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫
“নজির ভূঁইয়া মূর্খ মানুষ, তিনি কি বক্তব্য দিতে পারেন? তার বক্তব্যে ভুয়া ভুয়া বলার কী আছে?”
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ জন।
শনিবার বিকালে উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তারা জানান, সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বক্তব্য দিয়ে স্থান ত্যাগের পরপরই বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি নজির আহম্মদ ভূঁইয়া বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার লোকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে নজির ভূঁইয়ার লোকজনের সঙ্গে গফুর ভূঁইয়ার লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এতে নাঙ্গলকোট বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষও।
সংঘর্ষে স্থানীয় যুবদল কর্মী সাইফুল ইসলাম, শাহাবুদ্দিনসহ অন্তত পাঁচজন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রাতে এ বিষয়ে আবদুল গফুর ভূঁইয়া বলেন, “নজির ভূঁইয়া মূর্খ মানুষ, তিনি কি বক্তব্য দিতে পারেন? তার বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ বলার কী আছে? তারপরও যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটি আমরা মেনে নিয়েছি।
“আমার নেতাকর্মীরা আহত হলেও, তাদের বলেছি, এটা নিয়ে বাড়াবাড়ি না করতে।”
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি নজির ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
রাতে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই পরিস্থিতি শান্ত হয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
