২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী ২ ব্যবসায়ী নিহত

রিপন ও চঞ্চল কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর যাচ্ছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাদির উজ-জ্জামান।  

নিহতরা হলেন- গাজীপুরের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) ও একই এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)।

রিপন ঝুট ব্যবসা ও চঞ্চল একটি হাসপাতালের দেখাশোনার দায়িত্বে ছিলেন।

এলাকাবাসীর বরাতে এসআই নাদির বলেন, রিপন ও চঞ্চল কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর যাচ্ছিলেন। পথে আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেলক্রসিং অতিক্রম করছিলেন তারা।

এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

এসআই নাদির আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।