জামালপুরে বিরোধপূর্ণ জমির গাছ কাটার জেরে ভাইকে কুপিয়ে হত্যা
হামলায় নিহতের স্ত্রী ও মা আহত হয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমির গাছ কাটার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান।
নিহত আতাউর রহমান তালুকদার বিপুল (৪৫) ওই গ্রামের আনোয়ার হোসেন তালুকদার কালুর ছেলে। পেশায় তিনি ইলেক্টিক মিস্ত্রি ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৭৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাচাতো ভাই আসাদুজ্জামান তালুকদার আপেলের সঙ্গে আতাউর রহমান তালুকদার বিপুলের বাড়ি ও পুকুরের সাড়ে ৩ শতক জমি নিয়ে বিরোধ ছিল।
শুক্রবার সকালে ওই বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের ঝগড়া হয়।
এর জের ধরে আপেল বহিরাগত লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান।
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যান।
এছাড়া হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। নিহতের তার মা আছমা বেগমকে জখম ও একটি হাত ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু বলেন, “মারামারি চলাকালীন আহতদের ডাক-চিৎকারে আমি ঘটনাস্থলে এসে দেখি, বিপুলের হাত-পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে এবং মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে।
“পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে লোকজনকে ডেকে আনি। এসময় হামলাকারীরা অস্ত্র উচিয়ে ভয় দেখাতে দেখাতে ঘটনাস্থল ত্যাগ করে।”
ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী আপেল পালিয়েছে। তবে তার মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি এবং ঘটনার হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
