২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জারিয়াগামী ট্রেনে ডাকাতি, টাকা-মোবাইল-গহনা লুট

সকালে পূর্বধলা স্টেশনে গেলে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী যাত্রীরা ট্রেনটি ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন।

বিডিনিউজ২৪

ময়মনসিংহ ও নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 12:47 AM

Updated : 26 Aug 2026, 10:29 AM

ময়মনসিংহ-নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে ডাকাতরা ট্রেনের একটি বগির যাত্রীদের জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও গহনা লুটে নিয়ে যায়। 

বুধবার ভোর সোয়া ৬টার দিকে শহরের কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেল পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছাড়ার আগেই একটি বগিতে ৩-৪ জন উঠেছিল। ট্রেন ছাড়ার পর তারা ছুরি নিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে তিন-চারটি মোবাইল, টাকা-গহনা কেড়ে নেয়। 

তিনি বলেন, কেওয়াটখালি এলাকায় ট্রেনটির গতি একটু ধীর হলে তারা নেমে যায়। এদের ধরতে ঘটনার পর থেকে অভিযান চালানো হচ্ছে। 

ওসি বলেন, কয়েকদিন আগে একই ট্রেনে ডাকাতি হয়েছিল। ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী ট্রেনযাত্রী, পূর্বধলা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার ও পূর্বধলা রাবেয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. খোশেদ আলী জানান, পূর্বধলা উপজেলার জারিয়া-ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত নিয়মিত চলাচল করা ট্রেনটি ‘জারিয়ার ট্রেন’ হিসেবেই পরিচিত। 

ভোর ৬টার দিকে তারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়াগামী ২৭২ নম্বর ওই লোকাল ডাউন ট্রেনের ইঞ্জিনের সঙ্গের বগিতে ছিলেন। ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। 

এর আগে ট্রেনের চালক ইঞ্জিনের গতি কিছুটা কমিয়ে এনে ঘটনাস্থলে ট্রেনটি থামিয়ে দেন দাবি করে তারা বলেন, এ অবস্থায় চারজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রে ওই বগির যাত্রীদের জিম্মি করে। 

এ সময় ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। 

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুর রহমান (৪২) নামের এক যাত্রী আহত হন।

এ ঘটনার সঙ্গে ট্রেনটির চালকের যোগসাজসের অভিযোগ তোলেন যাত্রীরা।

তবে চালক আব্দুল হালিম বলেন, রেলব্রিজে ওঠার আগে সাধারণত ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর এ সুযোগকে কাজে লাগিয়েছে ডাকাতরা।

এদিকে, মোবাইলে ডাকাতির ঘটনাটি ছড়িয়ে পড়লে নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভুক্তভোগী যাত্রীরা সকাল পৌণে আটটার দিকে পূর্বধলা স্টেশনে গেলে ঘণ্টাখানেক ট্রেনটি অবরোধ করে রাখেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও মো. খবিরুল আহসান ও সেনাবাহিনীর পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল উল্লাহ ভূঁইয়া।  

ইউএনও খবিরুল আহসান বলেন, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।