নেত্রকোণায় জমির বিরোধের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
নারীসহ আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণায় সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো তিনজন।
রোববার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম জানান।
নিহত খায়রুল ইসলাম (৩২) চল্লিশা ইউনিয়নের বামনীকোণা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল।
এর জের ধরে দুপুরে ওই বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।
নেত্রকোণা থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
