Published : 05 Nov 2025, 08:25 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ‘অপহরণের শিকার’ হওয়া পাঁচ ব্যক্তিকে ২৩ দিন পর যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি খামার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের।
সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ ও ১৩ অক্টোবর দুদিনে জীবননগর উপজেলা থেকে পাঁচ জনকে অপহরণের অভিযোগে থানায় মামলা করেন গোয়ালপাড়া গ্রামের মাঠপাড়ার শওকত আলী (৫৩)।
মামলায় উল্লেখ করা হয়, ১২ অক্টোবর শওকত আলীর ছেলে শফিউল ইসলাম (৩৫) ও একই এলাকার আনারুল ইসলামকে (৫০) এবং গোয়ালপাড়া গ্রামের ক্লাবপাড়ার হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলামকে (৪৪) ১৩ অক্টোবর অপহরণ করা হয়।
মামলার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে চুয়াডাঙ্গার গোয়েন্দা পুলিশ ও জীবননগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত দল। অবশেষে বুধবার ভোরে যশোরের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারবাড়িকে অভিযান চালিয়ে পাঁচজনকেই উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, অভিযানের সময় খামারটি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, শফিকুল ইসলাম (৩৫), বিল্লাল হোসেন (৪০), সাগরিকা খাতুন (২৮) ও গ্রাম্য চিকিৎসক বিকাশ দেবনাথ (৩০)।
তবে, খামারটির মালিক রেজাউল ইসলামকে আটক করা সম্ভব হয়নি। আগেই তিনি গা ঢাকা দেন।
বৃহস্পতিবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আরও বলেন, “অপহৃতদের ওপর শারিরীক নির্যাতন চালানো হয়েছে। তবে তাদের কেন অপহরণ করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।”
অপহরণের সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।