০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বগুড়ায় ‘মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা’, পাশে চিরকুট

প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি, বলেন ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 10:34 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বগুড়ার কাহালু উপজেলায় শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যার খবর এসেছে। লাশের পাশে চিরকুট পাওয়ার কথা জানায় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন।

নিহতরা হল ওই এলাকার অটোভ্যান চালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) এবং তাদের চার বছর বয়সি সন্তান মুশফিকা খাতুন। 

লাশ দুটির পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় জানিয়ে ওসি বলছে, চিরকুটে লেখা ছিল- “আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যান চালক। তিনি সকালে ভাত খেয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুরে জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি ফিরে ভাত খাওয়ার জন্য ছেলের বউকে ডাকেন। 

কিন্তু ঘরের দরজা বন্ধ ও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। তখন জুলেখাকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। নাতনী মুশফিকার নিথর দেহ দেখেন বিছানায়। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

ওসি আরও বলেন, “একটি চিরকুট পাওয়া গেছে, সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।”  

“আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,” বলেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।