লক্ষ্মীপুরে প্রবাসী যুবক গুলিবিদ্ধ
হামলাকারীরা জাহেদকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে চয়ে যায়।
লক্ষ্মীপুর সদরে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. জাহেদকে (৩২) জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। জাহেদ ওই এলাকার বাবুল চৌধুরীর ছেলে।
জাহেদের মা জাহানারা ও বোন রিয়া বলেন, সম্প্রতি জাহেদ সৌদি আরব থেকে দেশে আসেন। শনিবার রাতে বাড়ির সামনের কুসুম আলীর চা দোকানে বসে সে চা পান করছিলেন।
রিয়া বলেন, ওই সময় অজ্ঞাত ৮-১০ জন হামলাকারী তার ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, জাহেদের বাম পায়ের উরুতে শটগান ঠেকিয়ে গুলি করা হয়েছে। এতে শটগানের স্প্লিন্টারে তার ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
হাসপাতালের দায়িত্বরত একজন কর্মচারী বলেন, রাত ১০টার দিকে জাহেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ্ উদ্দিন বলেন, “খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। অজ্ঞাত লোকেরা জাহেদের উপর হামলা করেছে। যাবার সময় তারা শটগানের গুলি ছোড়ে। শাটগানের স্প্লিন্টারে তার পায়ে আঘাত লাগে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
