২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে শনি থেকে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

শনিবার থেকে তিনদিন বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 10:52 AM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ভারতীয় লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা ও যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে দেশটির সরকার শনিবার থেকে সোমবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এরপর মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলা নির্বাচন এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। তাই সব মিলিয়ে এ পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে শনিবার, রোববার ও সোমবার বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে জানিয়ে তিনি বলেন, এ সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতেও কোনো বাধা নেই।

বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে বলে জানান রেজাউল করিম।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় যাওয়ায় শনিবার থেকে সোমবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

“উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এ ব্যাপারে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।”