১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জ-১: বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

এতে শতাধিক নারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত মো. মাজহারুল ইসলামের প্রার্থিতা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। 

এতে শতাধিক নারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া মাজহারুল ইসলামকে পরিবর্তন করে নতুন প্রার্থী দেওয়ার দাবি জানান। এ সময় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও স্লোগান দেয় আন্দোলনকারীরা। 

একই দাবিতে মঙ্গলবার বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি মশাল মিছিলও করেন। 

কিশোরগঞ্জ-বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

মনোনয়ন বঞ্চিতরা হলেন- সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম।

এই পাঁচজনের বাইরেও মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করছেন অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী।