Published : 08 Dec 2025, 10:04 PM
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে।
সোমবার সন্ধ্যার পর জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি শুরু হয়। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে পুরাতন স্টেডিয়াম মাঠে জমায়েত হয়।
মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম- এই চার নেতার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চে এসে শেষ হয়।
তারা বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবি জানান।
একই দাবিতে মশাল মিছিলের আগে সংবাদ সম্মেলন করেন চার নেতা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী।