সিলেটে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন, কারাগারে ৬
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটি ভাঙচুর-লুটের অভিযোগে এই মামলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং ১৬ জনের জামিন মঞ্জুর করে আদালত।
রোববার দুপুরের দিকে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এ আদেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল জানান।
মামলার বরাতে আইনজীবী জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বিশ্বনাথ পৌর শহরের আল হেরা শপিং সিটি ভাঙচুর-লুটের অভিযোগে ১৪ দিন পর শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন। এ ছাড়া মামলায় আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়।
আসামি পক্ষের আইনজীবী ফাহেমা-আল জহুরা সাংবাদিকদের বলেন, মামলার ২২ আসামি আত্মসমর্পণ করেন। ১৬ জনের জামিন মঞ্জুর হয়েছে, ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন- মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া-মশুল্লা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকোনা-দুর্গাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, জানাইয়া-মশুল্লা গ্রামের ইউনুছ আলীর ছেলে ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, একই গ্রামের মৃত সমর আলীর ছেলে ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ।
জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন- জানাইয়া-মশুল্লা গ্রামের আব্দুল মালিকের ছেলে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর ছেলে যুবলীগ নেতা নাসির মিয়া, সফিক মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আব্দুল হকের ছেলে পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, সমুজ মিয়ার ছেলে আবুল মিয়া, এলাই ওরফে এলায় ছেলে জাকির মিয়া, হাজী রইছ আলীর ছেলে আফিজ আলী, আজফর আলীর ছেলে যুবলীগ নেতা জমির আলী, সরুয়ালা গ্রামের আজিজুলের ছেলে নাহিদ আহমদ, শ্রীধরপুর গ্রামের রুকন আলীর ছেলে সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে ছাত্রলীগ নেতা রেজা মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও যুবলীগ নেতা হেলাল আহমদ, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খাইয়াখাইর গ্রামের নিরেশ বর্ধনের ছেলে ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের ছেলে ইমরান আহমদ।
