Published : 16 Jul 2026, 10:43 PM
জুলাই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করলে এই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, “বিএনপি এখন বলছে তারা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে না। যদি বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে এই সরকারের পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব।”

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ এই স্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ করে রংপুরের শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি নেতা।
তিনি বলেন, “এই বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা আবার রাজপথে নামবেন, আবার জুলাই হবে।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “১৭ বছর অপেক্ষা করেছেন। একটা বালুর ট্রাকও সরাতে পারেননি। আমরা যদি গণঅভ্যুত্থান না করতাম বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখনও জেলে থাকত।”
এনসিপির উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা, গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।
সভায় সারজিস আলম গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে আগামী সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে পরিচয় করে দেন।