সিলেটে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, বৈষম্যবিরোধী ২ নেতা আটক
বন্দরবাজার এলাকা থেকে দুজনকে আটক করা হয় বলে কোতোয়ালী থানার এসআই সজিবুর রহমান জানান।
সিলেট নগরীতে পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে পুলিশ জানিয়েছে।
রোববার বিকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে দুজনকে আটক করা হয় বলে কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সজিবুর রহমান জানান।
আটকরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল (২৪) এবং মো. রাফি (২৪)।
পুলিশ জানিয়েছে, বিকালে কোর্ট পয়েন্ট এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। এ সময় চালক ও আরোহীর মাথায় হেলমেট ছিল না। ওই এলাকায় অভিযানে থাকা ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে হেলমেট না থাকার কারণে মামলা দিতে চান। তখন দুই ছাত্রনেতা ক্ষোভ দেখান।
এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মামলার জন্য নাম-পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে কোতোয়ালী থানার টহল পুলিশ গিয়ে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে আসেন।
তবে এ সময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা অভিযোগ করেন, বন্দরবাজারে পুলিশ তাদের সঙ্গে অসদাচরণ করেছে। অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়। এরপরই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানকে মোবাইলে কল করলেও তারা ধরেননি।
