২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া সীমান্তে আটক ২ যুবককে পরিবারের জিম্মায় দিল বিজিবি

তারা ভারতে অবৈধভাবে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানায় বিজিবি।

তেঁতুলিয়া সীমান্তে আটক ২ যুবককে পরিবারের জিম্মায় দিল বিজিবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বাংলাদেশি দুই যুবক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বাংলাদেশি দুই যুবককে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিজিবি।

শুক্রবার দুপুরের পর তেঁতুলিয়া চৌরাস্তা বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

ফেরত আসারা হলেন- ফারুক হোসেন (২০) এবং রাব্বি হোসেন (২১)। তারা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাইছো গ্রামের বাসিন্দা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, তারা কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে থেকে রাজমিস্ত্রীর কাজ করে আসছিলেন। সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের আটকের আতঙ্কে ২০ মে তারা কলকাতা শহর থেকে ট্রেনে করে শিলিগুড়ি জেলার নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে আসেন। 

সেখান থেকে তারা হেঁটে ভারতের মুড়িখাওয়া গ্রাম হয়ে সীমান্তের মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তেঁতুলিয়া বাজারে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করে বিজিবি।

তেতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, আটক দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবির সহযোগিতায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ১৬ মে থেকে ১৭ পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। 

এ ছাড়া ২২ মে পঞ্চগড়ের সদর উপজেলা বড়বাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে ‘পুশইন’ করে বিএসএফ।

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ

দম্পতিসহ আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ