২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কারখানাটির ‘ফায়ার লাইসেন্স’ নবায়ন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল কোং নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার দুপুরের দিকে লাগা এ আগুন সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী, শ্রমিক ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বেড়ে পেলে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকারে ছেয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে তাদের আসবাবপত্র বাইরে বের করে আনেন।

কারখানার এজিএম (অপারেশন) সুজিত বিশ্বাস বলেন, “কারখানার তিনটি এরিয়াতে আগুন লেগেছে। সেখানে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।

এদিকে কারখানাটির ‘ফায়ার লাইসেন্স’ নবায়ন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। 

তিনি বলেন, “কারখানার যে অংশটিতে মশার কয়েল তৈরি করা হয়, সেখানে আগুন লাগে। সেখানে রাখা কেরোসিনের মাধ্যমে আগুন মাঠে চলে আসে। মাঠ থেকে গুদাম ও এডমিন সেকশনে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়ার পরপরই রাজন্দ্রেপুর মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আনা হয়। যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, সেফটি প্ল্যান থাকা দরকার, কারখানাটিতে তা ছিল না। কারখানার ফায়ার সার্ভিসের লাইসেন্স থাকলেও তা নবায়ন করা হয়নি।” 

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৭টি ইউনিট