Published : 16 Mar 2026, 04:26 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের দিন বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল এবং হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামের মো. মিলন (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।
এর আগে ১২ মার্চ বৃহস্পতিবার বিকালে ওই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনা জানাজানির পর মিলনের প্রথম স্ত্রী ৩৮ বছর বয়সী তাজ নাহারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মিলন পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা মুহিত কবীর বলেন, “মিলনের সঙ্গে ১৫ বছর আগে তাজ নাহারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। মিলন প্রায়ই নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
“এর জেরে গত ১২ মার্চ ভোরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে মিলন স্ত্রী নাহারকে মারধর করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরে এ ঘটনায় নিহত নারীর ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান এ র্যাব কর্মকর্তা।
মুহিত কবীর বলেন, মামলার সূত্র ধরে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী এবং র্যাব-৭ চট্টগ্রামের যৌথ টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল থেকে মিলনকে এবং হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে সাহেদাকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।