Published : 02 Mar 2026, 06:59 PM
বরিশাল আওয়ামী লীগের এক নেতার জামিন নিয়ে আদালত বর্জন, বিক্ষোভ ও এজলাসে হট্টগোলের ঘটনায় করা মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জন জামিন পেয়েছেন।
সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপিপন্থি ১২ আইনজীবী জামিন প্রার্থনা করলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে ১১ জনের জামিন মঞ্জুর করেন বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু।
তবে আসামিদের মধ্যে একজনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
জামিন পাওয়ারা হলেন- কারাগারে থাকা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন এবং বসিরউদ্দিন সবুজ। আর কারাগারে গেছেন আইনজীবী মিজানুর রহমান রাজু।

গত ২৩ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় একটি আদালত।
আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে পরদিন সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। এ সময় মাইক্রোফোন, এজলাসের বেঞ্চ ও টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। এরপর ২৫ ফেব্রুয়ারি বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দ্রুত বিচার আইনে করা এ মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আটজনকে আসামি করা হয়।
মামলার পর আইনজীবী সমিতির কার্যালয় থেকে সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন থেকে তিনি কারাগারে ছিলেন।
পিপি ও আসামি আবুল কালাম আজাদ বলেন, “আমরা ১২ জন স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছি। সভাপতিসহ ১১ জনকে জামিন দিয়েছে আদালত। তবে একজনকে কারাগারে পাঠানো হয়।”
বরিশালে ৩ দাবিতে আদালত বর্জন আইনজীবীদের, ভোগান্তি বিচারপ্রার্থীদের
আদালতে হট্টগোল: বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার, বিক্ষোভ
আওয়ামী লীগ নেতার জামিন: বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
আওয়ামী লীগ নেতাদের জামিন: বরিশালে আইনজীবীদের আদালত বর্জন
আত্মসমর্পণের পর জামিন পেলেন বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক