রেল সেতুতে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা তরুণের মৃত্যু
আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুতে ধাক্কা খেয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের কেওয়াটখালি সেতুতে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের এসআই কার্তিক চন্দ্র রায় জানান।
আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরনে ছিল কালো রঙের জিন্সপ্যান্ট ও শার্ট।
পুলিশ জানায়, কেওয়াটখালি রেলসেতুতে মাথায় ধাক্কা খায় ওই তরুণ। পরে গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির সময় অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই কার্তিক বলেন, “মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
