২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

তিনি বলেন, “সন্ত্রাসীরা সুকৌশলে কেউ শ্রমিকের বেশে, কেউ হকারের বেশে, কেউ দিনমজুর বেশে অবস্থান করছিল।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 11:48 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মনে করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, “এরা বিএনএপির ভাড়াটিয়া বাহিনী, জামায়াত-শিবিরের লোক এবং তাদের সন্ত্রাসীরা কৌশলে কেউ শ্রমিকের বেশে, কেউ হকারের বেশে, কেউ দিনমজুরের বেশে ঢাকার আশপাশের এলাকায় অবস্থান করছিল।” 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজের সামসুদ্দিন সরকার অডিটরিয়ামে অনুষ্ঠিত দেশে সংঘটিত নাশকতার প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, “ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন অজুহাত মাত্র। যারা ছাত্র আন্দোলন করেছিল, তারা কিন্তু বার বার বলেছে, এ সমস্ত জ্বালাও-পোড়াও এবং নাশকতা-সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ নাই।  

“তাহলে এসব করল কারা? এটা মনে করার কোনো কারণ নাই যে, এটা হঠাৎ হয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা যে এই কাজ করতে পারে এটা ভাবতে না পারার কারণেই তারা এই সুযোগ নিয়েছে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর তারেক জিয়া বলেছিল, ৬ মাসও এ সরকার টিকবে না। আমরা তখন হয়ত তার এ কথা বুঝতে পারি নাই। মনে করেছিলাম, এটা কথার কথা। তারেক জিয়ার ভয়েস রেকর্ড, কল রেকর্ড সবকিছু গোয়েন্দা সংস্থার কাছে আছে।” 

বিএনপি নেতাদের কথোপকথনসহ অনেক কল রেকর্ড সরকারের হাতে ইতোমধ্যেই চলে এসেছে দাবি করে তিনি বলেন, “কে কী বলেছেন, সেগুলো অন্যান্য বাহিনীর কাছেও রেকর্ড আছে।

“র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, কারা কারা বিদেশ থেকে অর্থের যোগান দিয়েছে, কাদের কাছে টাকা আসছে এবং সেই টাকা কাদের কাছে বিতরণ করা হয়েছে সেই তথ্যও আছে।” 

বাসন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আজমত উল্লাহ খান। 

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন সরকার রিপন, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার।