২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ফরায়েজি আন্দোলন’ কেন নিবন্ধন পাবে না, প্রশ্ন ধর্ম উপদেষ্টার

প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে হাজী শরিয়তুল্লাহর নাম নেন ধর্ম উপদেষ্টা।

‘ফরায়েজি আন্দোলন’ কেন নিবন্ধন পাবে না, প্রশ্ন ধর্ম উপদেষ্টার
বাহাদুরপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

ছোট ছোট দল যেখানে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, সেখানে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’ কেন পাবে না, প্রশ্ন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের। 

তিনি বলেছেন, “রাজনৈতিক দল হিসেবে ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলন’কে নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।” 

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতি বিজড়িত ‘বাহাদুরপুর মাদ্রাসা’র ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, “ব্রিটিশ আমলে শাসকরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষকদের জুলুম করত। জোর করে কাজ করাত। কৃষকরা তাদের ন্যায্য মজুরিও পেত না। এর প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরিয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন।” 

‘হাজী শরিয়তুল্লাহই দেশের প্রথম মুক্তিযোদ্ধা’ দাবি করে ধর্ম উপদেষ্টা বলেন, “আগামীতে বই-পুস্তকে হাজী শরিয়তুল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে।” 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।”

এ সময় ‘বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের’ সভাপতি,  বাহাদুরপুর মঞ্জিলের গদিনশীন পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।