Published : 19 Aug 2025, 05:54 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-রাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ১০ দফা প্রস্তাব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর একাংশ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
তাদের ১০ দফা প্রস্তাবগুলো হলো- ভোটকেন্দ্র হলে না রেখে একাডেমিক ভবনে স্থানান্তর করা, সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো ও সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা, নারী প্রার্থীরা যাতে অনলাইন-অফলাইনে বুলিং বা হয়রানির শিকার না হন সে জন্য মনিটরিং সেল গঠন করা।
সব প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা, সব প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, প্রার্থীদের পোস্টার-ফেস্টুন সীমিত করা এবং সহিংসতা ঠেকাতে ছাত্র সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরিবেশ পরিষদ গঠনের প্রস্তাবও তোলা হয়।
বাকি প্রস্তাবের মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ শিক্ষক ও সিনিয়র সিটিজেনদের নিয়ে পর্যবেক্ষক দল গঠন, ছাত্রলীগ-সংশ্লিষ্ট কেউ যাতে প্রার্থী বা ভোটার হতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি, আইবিএ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ এবং প্রার্থীদের ব্যাংক হিসাব, আয়-ব্যয়ের বিবরণী ও খরচের উৎস প্রকাশ।
লিখিত বক্তব্যে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য আফরিন জাহান বলেন, “দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে শিক্ষার্থীদের প্রাণের রাকসু নির্বাচন অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। কিন্তু প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সংশয় কাটছে না।
“অতীতের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান না হওয়ায় এ আশঙ্কা থেকে যাচ্ছে। এর মধ্যে হলগুলোতে কুরআন পোড়ানো, রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল বিস্ফোরণ এবং জুলাই আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।”
তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা বর্তমান প্রশাসনের গুরুদায়িত্ব। কোনো বিশেষ ব্যক্তি বা সংগঠন নয়, বরং সকল প্রার্থী ও ভোটারের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।
“নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েসের ছাত্র উপদেষ্টা আহসান হাবীব, রাবি সাহিত্য সংসদের সংগঠক মাহাইর ইসলাম ও গোপাল রায়, মুক্তালাপের সংগঠক মাহফুজ ইসলাম নয়ন এবং উত্তরণের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক ইমাম হোসেন উপস্থিত ছিলেন।