২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সাজার পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

রংপুরের কাউনিয়ায় খোরশেদ আলম নামের এক ব্যক্তি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আফতাব উদ্দিন জানান।

দণ্ডিতরা হলেন- কাউনিয়া থানার শ্যামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে শহিদুল ইসলাম, গদাধর এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা এলাকার শাহ জামালের ছেলে ইউনুছ আলী ও শ্যামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।

সাজার পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধ থাকায় শহিদুল ইসলামসহ দণ্ডপ্রাপ্তরা ২০২০ সালের ২০ মার্চ রাতে ‘ভরসা কোল্ড স্টোরেজ’ থেকে খোরশেদ আলমকে ডেকে নিয়ে মীরবাগ ডিগ্রি কলেজের টিনশেড বিল্ডিংয়ের পেছনে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহ আমগাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী জহিরুল আলম ও আব্দুর রশীদ চৌধুরী বলেন, তারা মামলার সব কাগজপত্র তুলে উচ্চ আদালতে যাবেন।