Published : 05 Jul 2026, 06:41 PM
রংপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করা টাকা ফেরতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি করেন।
এতে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয় বলে জানান রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) নজির আহমেদ।
গ্রাহকরা বলেন, তারা বিভিন্ন মেয়াদে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করেন এবং টাকা জমা রাখেন। কিন্তু মেয়াদ শেষ হলেও তারা তাদের টাকা ফেরত পাননি।
বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান তারা।
টাকা ফেরত না পাওয়ায় অনেক গ্রাহক আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা।
কর্মসূচিতে রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক গ্রাহক অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে প্রশাসনের আশ্বাসের পর দুপুর ২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন এবং কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন।
তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান গ্রাহকরা।
এ বিষয়ে সহকারী কমিশনার নজির আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।