জমির বিরোধে প্রবাসী ভাইকে হত্যা, চার ভাইসহ ৮ জনের প্রাণদণ্ড
২০১৮ সালের ১৩ জুন সিলেটের ওসমানীনগরে নিখোঁজের পরদিন প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী ভাইকে হত্যার দায়ে আপন চার ভাইসহ আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- উপজেলার ফতেহপুর গুপ্তপাড়া গ্রামের প্রয়াত শেখ মদরিছ আলীর ছেলে শেখ আলফু মিয়া (৪১), তার ভাই শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩), শেখ পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম, আব্দুর রউফ ওরফে লেবু মিয়ার শেখ আনোয়ারা বেগম ওরফে এশাই (৪৮), একই এলাকার প্রয়াত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) এবং উপজেলার গ্রামতলা দাসপাড়ার হাজি আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)। তাদের মধ্যে দিপু মিয়া পলাতক আছেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী সোহেল রানা বলেন, ২০১৮ সালের ১৩ জুন বেলা ৩টার দিকে শেখ মাসুক মিয়া (৩৫) নিজ বাড়ি থেকে গোয়ালা বাজারে যান। পরে বাজার থেকে আর বাড়ি ফেরননি তিনি। মাসুক মিয়ার মোবাইলে তার স্ত্রী ফোন করলেও কেউ ধরেনি। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের পরদিন উপজেলার দাসপাড়া গফুর মিয়ার বাড়ির পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন সাবু মিয়ার ধান ক্ষেত থেকে মাসুক মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বলে জানান তিনি।
এ ঘটনায় মাসুক মিয়ার ভাই আলফু মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন। মামলার তদন্ত করেন তৎকালীন ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাঈন উদ্দিন।
সোহেল রানা বলেন, “তদন্তের এক পর্যায়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাসুক মিয়ার ভাই আলফু, পংকী ও তোতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তারা মাসুক মিয়াকে হত্যার কথা স্বীকার করেন।
“জিজ্ঞাসাবাদের তারা বলেন, ‘প্রবাসে থাকা অবস্থায় মাসুক মিয়া ভাইদের কাছে টাকা পাঠান। কিন্তু সেই টাকায় নিজেদের নামে জমি কেনেন তারা। পরে দেশে ফিরে মাসুক মিয়া তার পাঠানো টাকায় কেনা জমি ভাইদের কাছ থেকে লিখে চান। কিন্তু তা না দিয়ে দুই ভাবি ও ভাইয়েরা মিলে মাসুক মিয়াকে হত্যার পরিকল্পনা করেন।”
পরে তৎকালীন থানার এসআই মমিনুল বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখান তদন্তকারী কর্মকর্তা এসএম মাঈন উদ্দিন। পরে গ্রেপ্তাররা আদালতে মাসুক মিয়াকে হত্যার বর্ণনা দেন।
তিনি বলেন, পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফখর উদদ্দিন, লাভলী বেগম, আনোয়ারা বেগম এবং শেখ হাজি আব্দুর রউফ লেবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ জুলাই গ্রেপ্তারদের মধ্যে আনোয়ারা বেগমও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
এ ঘটনায় ২০১৯ সালের ৮ মে তদন্তকারী কর্মকর্তা এসএম মাঈন উদ্দিন আদালতে চার সহোদরসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র প্রদান করেন বলে জানান সোহেল রানা।
তিনি বলেন, ২০২০ সালের ৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। ২৯ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এখলাছুর রহমান ও আল আসলাম মুমিন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মজিদ খান। আর পলাতকের পক্ষে ছিলেন আইনজীবী ফারজানা হাবিব চৌধুরী।
