২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট পড়তে যাওয়ার পথে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

২০১৮ সালে দায়ের করা এ মামলা থেকে খালাস পেয়েছেন সাতজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 03:42 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল কাদের মিয়া জানান।

দণ্ডিত মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) বড়াইগ্রামের গড়মাটি এলাকার এবাদ আলী ছেলে।

সাজার পাশাপাশি তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

অপরাধ প্রমাণিত না হওয়ায় সাত জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে জানান আব্দুল কাদের।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১২ই জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে কাশেম। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে বড়াইগ্রাম থানার এসআই মো. সামসুল ইসলাম ওই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

জরিমানার টাকা ভিকটিম পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।