২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ড্রেজারডুবি: তিন দিন পর ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

ভোলায় ডুবে যাওয়া ড্রেজারের কেবিন থেকে ডুবুরিরা দুজনের মৃতদেহ উদ্ধার করে বলে জানায় ফায়ার সার্ভিস।

মেঘনায় ড্রেজারডুবি: তিন দিন পর ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
ভোলায় মেঘনা নদীতে ড্রেজার ডুবে নিখোঁজ নুরে আলম (বামে) ও আরিফুল ইসলামের লাশ উদ্ধার।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 05:48 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

ভোলার মেঘনা নদীতে ড্রেজার ডুবে চালক ও কর্মকর্তাসহ পাঁচজন নিখোঁজের তিন দিন পর দুইজনের লাশ পাওয়া গেছে; তবে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

মঙ্গলবার ভোররাতে ডুবে যাওয়া ড্রেজারের কেবিন থেকে ডুবুরি দল দুজনের লাশ উদ্ধার করে বলে জানান ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া।

উদ্ধার করা দুজন হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম (৪১) ও আরিফুল ইসলাম (২১)।

নিখোঁজরা হলেন- মো. সিয়াম (২২), হারুনুর রশিদ (৪০) ও মো. তানজিল (২১)। তারা শ্রমিক হিসেবে কাজ করতেন।

এর আগে শনিবার মধ্যরাতে গাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে আফসানা-১ নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায় বলে জানায় নৌ পুলিশ। এতে ড্রেজারে থাকা পাঁচজন নিখোঁজ হন।  

সোমবার বিকালে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পাওয়া যায় বলে জানান ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. লিটন বলেন, “যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির অবস্থান শনাক্ত করা হয়। আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

“এর আগেই মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি দল ভোররাতে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। বাকি তিনজনের খোঁজে ভাড়াটে ডুবুরি ও সরকারি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।”