রংপুরে ৬৮.৬৮ মিলিমিটার বৃষ্টি, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা
জলাবদ্ধতা নিরসনে সব ড্রেনেজ সংস্কার ও খাল পুনঃখননের দাবি জানিয়েছেন নগরবাসী।
রংপুরে টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরজীবন। এতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা।
শনিবার সকাল ৯টায় জেলায় ৬৮ দশমিক ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলগুলোতে হাঁটুসমান পানি জমে গেছে। বিশেষ করে ড্রেন ও খালগুলো অপরিষ্কার এবং অপরিকল্পিত হওয়ায় পানি নামতে পারছে না।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক স্থানে দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আবহাওয়া অফিস এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “কয়েক দিনের বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট সবই ডুবে গেছে। তিন থেকে চার দিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিটি করপোরেশন হয়েছে কিন্তু নগরবাসীর সুযোগ-সুবিধা পাচ্ছে না।”
একই এলাকার শিক্ষক কলিমুদ্দিন বলেন, “জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এ নিয়ে কেউ ফিরেও তাকায় না। রাস্তাটা নিচু হয়েছে, একটু পানি হলেই জমে যায়; যা দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
দ্রুত নগরীর সব ড্রেনেজ সংস্কার ও খাল পুনঃখননের দাবি জানিয়েছেন তিনি।
আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, আগামী আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, বর্ষায় নগরীর কোথাও যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সে লক্ষে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরীর প্রধান সড়ক, অলিগলি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ টিম কাজ করছে।
সেইসঙ্গে পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কথাও বলেছেন তিনি।
“নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। তবে সবাই সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা সম্ভব নয়”, বলেন মাহফুজ উন নবী ডন।
জলাবদ্ধতা নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নগরীর শ্যামা সুন্দরী খালসহ বিভিন্ন খাল ও জলাশয় টেকসইভাবে সংস্কার করতে পারলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
