নারায়ণগঞ্জে পুকুর পাড়ে পড়েছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুর পাড়ে ফেলা রাখা হয় বলে দাবি স্বজনদের।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুকুর পাড় থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে পৌরসভার ভট্টপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন।
নিহত সালমা (৩০) ওই গ্রামের মো. রূপচানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
সালমার বড় ভাই রিপন খানের অভিযোগ, “রূপচান অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এ নিয়ে সালমা আপত্তি জানালে তাকে একাধিকবার মারধর করা হয়। কিছুদিন আগে তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেয় রূপচান।”
তিনি বলেন, সকালে রূপচান ফোন করে জানান সালমার লাশ পুকুর পাড়ে পড়ে আছে।
সালমা কখনও পুকুরে গোসল করেন না; তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুর পাড়ে ফেলা দেওয়া হয়েছে বলে দাবি রিপন খানের।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে; এ ছাড়া হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ পরিদর্শক মোহসীন।
