দোহারে গ্যারেজ মালিককে খুন করে অটোরিকশা ও ব্যাটারি ছিনতাই
গ্যারেজ থেকে একটি অটোরিকশা ও চারটি রিকশা থেকে মোট ১৬টি ব্যাটারি চুরি হয়েছে।
ঢাকার দোহার উপজেলায় এক গ্যারেজে মালিককে খুন করে অটোরিকশা ও ব্যাটারি ছিনতাই করে নিয়ে গেছে।
দোহার থানার ওসি রেজাউল করিম জানান, উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিকশার গ্যারেজ থেকে শনিবার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. শহিদ (৪২) উপজেলার চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।
গ্যারেজে গাড়ি নিতে আসা রিফাত নামের এক যুবক সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজে অটোরিকশা নিতে এসে দেখেন শহিদ ঘুমিয়ে আছেন। তাকে জাগানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আশেপাশের দোকানদারদের তিনি বিষয়টি জানান। তারা এসে দেখেন, শহিদ বেঁচে নেই। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।
ওই গ্যারেজে গাড়ি রাখেন এমন একাধিক ব্যক্তি জানান, গ্যারেজ থেকে একটি অটোরিকশা ও চারটি রিকশা থেকে মোট ১৬টি ব্যাটারি চুরি হয়েছে। রিকশা ও ব্যাটারি চুরি করতেই শহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
তাদের অভিযোগ, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলায় দিন দিন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইকারীদের হাতে প্রাণ হারাচ্ছেন।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি রেজাউল বলেন, “গ্যারেজ থেকে যেহেতু একটি অটোরিকশা ও ব্যাটারি চুরি হয়েছে তাই এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
