২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাদা-দাদির পাশে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে দাফন করা হয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৮টার দিকে কড়ইচুড়া ইউনিয়নের লালডোবা এলাকায় পারিবারিক কবরস্থানের দাদা-দাদির পাশেই তাকে দাফন করা হয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে লিমনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স লালডোবা সরকারি প্রাথবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে লিমনের জানাজায় হাজারো মানুষ অংশ নেন। 

জানাজায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।

জুবায়ের আহমেদ বলেন, “আমার ভাই দেশকে নিয়ে অনেক ভাবত। খুনিরা শুধু আমার ভাইকে খুন করেনি, আমাদের পরিবারের সুখ-স্বপ্নকেও খুন করেছে। দেশের স্বপ্নকে হত্যা করেছে। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, ওই দেশের সঙ্গে যোগাযোগ করে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা। আমার ভাইয়ের মত আর কেউ যেন বিদেশে গিয়ে এমন হত্যাকাণ্ডের শিকার না হয়।”

এদিন সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) লিমনের লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। পরে সড়কপথে জামালপুরের উদ্দেশে রওনা হয় মরদেহবাহী গাড়ি। 

বিকাল সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সটি মহিষবাথান গ্রামে পৌঁছায়। তখন স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

লিমনের বাবা জহুরুল হক বলেন, “লিমনকে কোনোদিন একটা চর-থাপ্পড় বা কষ্ট দেইনি। শুধু মুখে শাসন করেছি। আমাকে নিশ্চিন্ত হয়ে থাকতে বলত। বলত, ‘বাবা তুমি চিন্তা করো না। তোমার চাকরি করতে হবে না। তুমি একটা ব্যবসা-বাণিজ্য কর।’

“আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই।”

জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

১৬ এপ্রিল সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একই সময়ে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পরে ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে তার পরিবারকে জানানো হয়।

লিমনের চাচা জিয়াউল ইসলাম বলেন, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাইয়ে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান।