সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি উল্টে আহত ৭
“একজনের হাত ভেঙে গেছে।”
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে মাচালং এর একুজ্জাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাজেক থানার ওসি কানন সরকার জানান।
এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। বাকিরা সাজেকে গিয়েছেন।
ওসি কানন বলেন, “দুজন গুরুতর আহত হয়েছেন। একজনের হাত ভেঙে গেছে। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
