১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনার চাটমোহরে সেতুতে ধস, চলাচলে দুর্ভোগ

দ্রুতই সেতুটি সংস্কার করার কথা জানালেন উপজেলার নির্বাহী প্রকৌশলী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 06:13 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

পাবনার চাটমোহর উপজেলায় চন্দ্রাবতী নদীর উপরে একটি সেতুর মাঝখানে ধসে গেছে। 

এতে এলাকার শিক্ষার্থী, বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী, পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করছেন। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উপজেলার কামালপুর বাজার সংলগ্ন ব্যস্ততম সড়কের এই  সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী স্যারসহ আমি সেতুটি দেখে এসেছি। ইউএনও স্যার সেতুটি সংস্কার করার কথা বলেছেন। তাড়াতাড়িই সংস্কার হবে।”

সম্প্রতি গিয়ে দেখা যায়, চাটমোহর উপজেলার কামালপুর, ধানবিল, দয়রামপুর, বামনগ্রাম, কাঠালবাড়ী, হোগলবাড়ী, খৈরাস ও পাশের আটঘরিয়া উপজেলার দুর্গাপুর, ইসলামপুর, পারখিদিরপুর, ভরতপুর, রাঘবপুর,  মথুরানগর, সোনাকান্দাসহ অন্তত ১৫টি গ্রামের বাসিন্দা গুরুত্বপূর্ণ সড়কের এই সেতু দিয়ে চলাচল করেন। 

দূর্গাপুর বাজারের ব্যবসায়ী মহিদুল ইসলাম রানা বলেন, “এই সেতু দিয়ে প্রায় ১৫-২০টি গ্রামের মানুষ চলা-ফেরা করেন। কৃষি প্রধান এই এলাকার জমিতে উৎপাদিত ফসলাদি আনা-নেওয়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়ে আমাদের। সেতুর মাঝখানে ভেঙে গেছে অনেকদিন ধরেই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ক্ষেত-খামারের ফসল আনা নেওয়া করি। ফলে তাড়াতাড়ি সেতুটি মেরামত করে দেওয়ার দাবি জানাই।”

ইসলামপুর গ্রামের সিএনজিচালিক অটোরিকশাচালক শের আলী বলেন, “ভাঙা এই সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা, অটোবাইক, মোটরসাইকেল, ছোট বড় ট্রাক, যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করে। অনেক  সময় গাড়ি উল্টে যাত্রীরা গুরুতর আহত হন। আবার চলাচলে গাড়ির অনেক ক্ষতি হয়।”

তার প্রশ্ন, “কে শুনে কার কথা?”