Published : 03 Oct 2025, 07:07 PM
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে; যাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটলেও শুক্রবার বেলা ৩টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান মহাদেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আসফাকুর রহমান।
নিখোঁজ রনি (১৫) মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিতের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে রনি নৌকায় অন্যদের সঙ্গে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য বানডুবি থেকে আত্রাই নদীতে যায়। এ সময় আত্রাই নদীর দুই সেতুর মাঝখানে নদীর পড়ে যায় রনি। স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন। রাত ৮টা পর্যন্ত তাকে না পেয়ে উদ্ধার কর্মীরা উঠে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বেলা ৩টা পর্যন্ত নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়েও রনির সন্ধান পাননি।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত রনির কোনো সন্ধান পাননি।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আসফাকুর রহমান বলেন, বেলা ৩টা থেকে আবার ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালাবে। এর মধ্যে রনির সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।