পাবনায় ‘বিষাক্ত মদপানে’ ২ যুবকের মৃত্যু
গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
পাবনা সদর উপজেলায় ‘বিষাক্ত মদপানে’ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে জেলা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন।
নিহতরা হলেন- শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. মামুন (৩২)।
ওসি দুলাল হোসেন বলেন, “তারা কোথা থেকে কীভাবে মদপান করেছেন, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে মদপান তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের নথিপত্রে উল্লেখ করা হয়েছে।”
তবে নিহতদের পরিবারের সদস্যদের দাবি, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সুমনের মৃতদেহ দাহ করা হয়।
পাবনা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স সুখি খাতুন বলেন, অসুস্থ অবস্থায় একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। একজন হাসপাতালে মারা গেলে তাকে স্বজনরা নিয়ে চলে যান।
এ ছাড়া রাজশাহী নেওয়ার পথে অন্যজন মারা গেছেন বলে জানান তিনি।
