২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, বগুড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

এ ঘটনায় বগুড়া-৪ আসনে বিএনপি এবং জামায়াত প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ডেকেছেন।

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, বগুড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ
বগুড়ায় নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:51 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বগুড়ায় নন্দীগ্রাম উপজেলায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের কর্মীদের আটকে রাখার পর বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়।

সোমবার মধ্যরাতে উপজেলার পারশুন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার হোসেন। 

এ ঘটনায় মঙ্গলবার বিকালে বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন। 

আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানাসহ দুজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, মধ্যরাতে গ্রামের আব্দুল আজিজের বাড়িতে বেশ কিছু লোকের সমাগম দেখে সেখানে যান তারা। 

তাদের দাবি, সেখানে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ জামায়াতের কিছু নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বেলালসহ দুইজনকে আটক করে বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মাসুদ রানা ও তার ভাইকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় মাসুদ রানার বাড়িসহ তিনটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন দাবি স্বজনদের। 

হামলার অভিযোগ অস্বীকার করে জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সালের দাবি, তাদের পক্ষ থেকে কোনও হামলা করা হয়নি। বরং বিএনপির লোকজন তাদের কর্মী গালিবকে মারধর করে আহত করেছেন। এ ছাড়া আরও দুই কর্মীকে মিথ্যা অভিযোগে আটক রেখে নির্যাতন চালিয়েছে।

বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বলেন, “পুলিশের সামনে কীভাবে হামলার ঘটনা ঘটল? এভাবে চলতে থাকলে ভোটের দিন তারা কীভাবে দুর্বৃত্তায়ন রোধ করবে? এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতিতে কোনো হামলার ঘটনা ঘটেনি। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি; করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।