২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে

হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 06:45 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়া জেলার ৭২টি পেট্রোল পাম্প কার্যক্রম বন্ধ রেখেছে। হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় যানবাহন চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি কাটার সম্ভাবনা কম বলে জানিয়েছেন রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন। 

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরে পাম্পগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ কমে যায়। ঈদের আগের রাতে পেট্রোল পাম্পে রাতভর ব্যাপক চাপ ছিল। ফলে পাম্পগুলোতে ঈদের দিন সকাল থেকে জ্বালানি তেলের মজুদ কমতে থাকে। 

ঈদের পরদিন রোববারও কিছু কিছু পাম্পে জ্বালানি তেল বিক্রি হলেও সোমবার সকাল থেকে পর্যাপ্ত মজুদ না থাকায় একে একে পাম্পগুলো বন্ধ ঘোষণা করেন মালিকরা।

পেট্রোল পাম্পের কর্মচারীরা বলছেন, ঈদের আগের রাতেই বেশিরভাগ পাম্পের জ্বালানি মজুত শেষ। সংকটের কারণে গ্রাহকদেরও বাড়তি চাপ সামলাতে হয়। এদিন সকাল থেকে জ্বালানি তেল নিতে এসে ঘুরে যান অসংখ্য গ্রাহক।

বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, ‘পেট্রোল-অকটেন শেষ’ লিখে রাখার পাশাপাশি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে পাম্পগুলো।

বগুড়া সদরের মালতি নগরের আসিফসহ অন্তত ১০ জনকে দত্তবাড়ী পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চারমাথার জোস্না পেট্রোল পাম্পেও একই অবস্থা। তেল না পেয়ে তারা ফিরে যান।

পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের মজুদ শেষ হওয়ায় সকাল থেকে জেলার ৭২টি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি কাটিয়ে ওঠার সম্ভাবনা কম বলে জানান তিনি।