Published : 08 Aug 2026, 06:43 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাদের অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
অব্যাহতিপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তারা দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেছেন। এর অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলমের অভিযোগ, সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন হারুন ও ইউছুফ।
তিনজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
খোরশেদ আলম বলেন, বিষয়টি জানার পর তিনি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনাটি তদন্ত করেন। তাদের তদন্তে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
তার দাবি, হারুন ও ইউছুফ বলেছেন, টাকা মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে তদন্তে তারা নিজেরাই টাকা নিয়েছেন বলে জানা যায়।
খোরশেদ আলম বলেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কেউ নন। তাই তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে টাকা নেওয়ার অভিযোগের কারণে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।