সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের মৃত্যুতে হত্যা মামলা, হয়রানির অভিযোগ
হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহাম্মদ বলেন, জমির বিরোধে স্বজনদের আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ হয়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুতে হত্যা মামলা দায়ের এবং হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকায় ঢালী বাড়িতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সেলিনা আক্তার এসব অভিযোগ করেন।
এ সময় তার ছেলে সোহেল সামাদ রুবেল, শওকত আকবর, মেয়ে খোদেজা আক্তার, মেয়ে জামাতা ফয়েজ আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আবু হাশেম ঢালী (১১০) চলতি বছরের ১০ জুন সকালে মোল্লারহাট বাজার থেকে বাড়িতে আসার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে তাকে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছয় দিন পর তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে পুলিশের এসআই শাহ আলম ১৬ জুন হত্যা মামলা করেন। যেখানে পরিবারের সদস্যদেরও আসামি করা হয়।
এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা আক্তার বলেন, “আমার স্বামী এ কে এম সামছুল আলম মারা যাওয়ার পর দেবর শাহ আলম আমাদের জমি-দোকানপাট দখল করে রেখেছেন। এসব সম্পত্তি আত্মসাত করতেই আমাদেরকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।”
সেলিনা আক্তারের ছেলে সোহেল সামাদ রুবেল বলেন, “মামলাটি সুষ্ঠু তদন্ত ও হয়রানি থেকে রেহাই পেতে আমরা পুলিশের আইজিপি, ডিআইজি ও কক্সবাজার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি।
“এতে আমাদেরকে মামলা থেকে রেহাই দিতে আদালতে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু শাহ আলম বিভিন্নভাবে আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি পুনরায় মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। মামলাটি এখন পিবিআই নোয়াখালীর তদন্তে রয়েছে।”
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহাম্মদ ৫ অগাস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামি সোহেল সামাদ রুবেল, শওকত আকবর পারভেজ, খোদেজা আক্তার সুমি, সেলিনা আক্তার ও ফয়েজ আহম্মদকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন।
মামলায় সড়ক দুর্ঘটনা আইনে আসামি মোটরসাইকেল চালক রাকিবের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহাম্মদ বলেন, “তথ্য গোপন করে হত্যা মামলা করা হয়েছে। সড়ক দুর্ঘটনা যে ঘটিয়েছে, তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
“জমির বিরোধের কারণেই অন্যদের মামলায় জড়ানো হয়েছে বলে তদন্তে তথ্য-প্রমাণ মিলেছে। পাঁচ আসামি এ ঘটনার সঙ্গে জড়িত নয়।”
নিহত আবু হাশেম ঢালীর মেয়ে রাজিয়া বেগম বলেন, “আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয় দিন পর মারা যান। কিন্তু আমার ছোট ভাই সম্পত্তির জন্য একটি হত্যা মামলা করেন। তাতে আমার ভাবী-ভাতিজি-ভাতিজাদের আসামি করা হয়েছে।”
এ ব্যাপারে জানতে ১৪ এপিবিএন ব্যাটালিয়ন কক্সবাজার পুলিশে কর্মরত এসআই মো. শাহ আলমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
