১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকায়ন’, নেতৃত্বে মহুয়া-চয়নিকা

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীল বিকাশে কাজ করতে চায় সংগঠনটি।

রাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকায়ন’, নেতৃত্বে মহুয়া-চয়নিকা
সভাপতি মহুয়া মল্লিক জেবা এবং সাধারণ সম্পাদক চয়নিকা বালা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 04:45 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘লোকায়ন’ নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

‘লোকায়ত লোক খুঁজি আঁধারে আলোকে’ প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম সংগঠনটির কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মহুয়া মল্লিক জেবা এবং সাধারণ সম্পাদক হিসেবে সংগীত বিভাগের শিক্ষার্থী চয়নিকা বালা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে খাইরুল ইসলাম, মুখপাত্র মিজান শেখ, অর্থ সম্পাদক সারাফ আনজুম বিভা, জনসংযোগ সম্পাদক বাঁধন গুহ জিসান, দফতর সম্পাদক রাফিদ রশিদ, সাংগঠনিক সম্পাদক তাহমিদ ফুয়াদ মুন এবং কার্যনির্বাহী সদস্য সালেহ আহমেদকে নির্বাচিত করা হয়।

সভাপতি মহুয়া মল্লিক জেবা বলেন, “নাটক, গান, আবৃত্তি, নৃত্য, পুঁথিপাঠ, আদিবাসী সাংস্কৃতিক চর্চাসহ আবহমান বাংলার নানা ধারাকে একত্র করে শুদ্ধ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীল বিকাশে কাজ করাই আমাদের লক্ষ্য। 

“বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক চাপ ও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে সাংস্কৃতিক চর্চায় আগ্রহ কমে যাচ্ছে। আমরা সেই জায়গায় সহজভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চাই। এ ছাড়া আমাদের ত্রৈমাসিক একটি সাহিত্য সংকলন প্রকাশের পরিকল্পনাও রয়েছে।”

সংগঠনটির যাত্রা উপলক্ষে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদ, আবৃত্তি চর্চাকেন্দ্র রাজশাহী, বিশ্ববাংলা ফাউন্ডেশন ও রাজশাহী আবৃত্তি পরিষদের আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এ ছাড়া লোকগানের দল ‘অনেস্বর’ সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে সাবেক সমন্বয়ক মো. আমান উল্লাহ আমান, রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, টিএসসিসির পরিচালক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবি শিহাবুল ইসলাম, কথাসাহিত্যিক হোসনেয়ারা মণি, কবি ও গবেষক ফজলুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা ও রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি মো. নজরুল ইসলাম, রাজশাহী গণগ্রন্থাগারের কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, স্বননের আহ্বায়ক শাহরিয়ার ইসলাম সাইফ, রবীন্দ্রসংগীত শিল্পী ও আবৃত্তিকার তাপস মজুমদার এবং কবি ও আবৃত্তিকার জুয়েল কিবরিয়া বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সারোয়ার ইসলাম এবং সমাজসেবী তৌফিক এনাম আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।