শেখ হাসিনার বিরুদ্ধে গাজীপুরে আরেকটি হত্যা মামলা
মামলায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেলসহ ১১৫ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরে এক যুবক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করে হত্যা মামলা হয়েছে।
নগরীর গাছা থানায় হওয়া মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে।
ঘটনার একমাস পর নিহত মো. আরিফ বেপারীর (২৮) বাবা মো. রজ্জব আলী বাদী হয়ে বুধবার ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩৫০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান গাছা থানার ওসি মো. জিয়াউল ইসলাম।
নিহত আরিফ গাছা থানার পূর্ব কমলেশ্বর এলাকার হাজী সাইফুলের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।
মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই গাজীপুরে আরিফ বেপারীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
বিক্রয় প্রতিনিধিকে হত্যাচেষ্টা মামলা
শেখ হাসিনা সরকার পতনের আগের দিন এক বিক্রয় প্রতিনিধি গুলিতে আহতের ঘটনায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৬ জনকে আসামি করে কাশিমপুর থানায় আলাদা হত্যাচেষ্টা মামলায় হয়েছে।
গুলিবিদ্ধ সোহেল রানা বাদী হয়ে বুধবার ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান কাশিমপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫০) এবং সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা (৫০)।
মামলায় বলা হয়েছে, কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের ভাড়া বাসায় থেকে সোহেল রানা একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করতেন।
৪ অগাস্ট বিকাল ৪টার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ডে পাশে রাস্তায় অবস্থান করছিলেন তিনি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা বাসস্ট্যান্ডে অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
মিছিলের একপর্যায়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের নির্দেশে অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ জন বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ রামদা ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ ও গুলি করতে থাকে। এ সময় একটি গুলি সোহেলের ডান পায়ের হাঁটুর নিচে লেগে বের হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আসাদুজ্জামান খান কামালসহ ১৩৯ জনকে আসামি করে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা করা হয়।
আরও পড়ুন:
