Published : 01 Jul 2026, 09:13 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরের দিকে সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নূর আহমদ জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার জয়নাল (২৫) এবং নাজিম উদ্দিন (২৫)।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১২ সালের ২৭ নভেম্বর বেড়াতে যাওয়ার পথে ওই কিশোরীকে একটি বসতবাড়িতে ডেকে নিয়ে দুজন ধর্ষণ করেন। পরে কিশোরী মোবাইল ফোনে বিষয়টি তার মাকে জানান। তখন মা তাকে এসে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
পর দিন কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এ ঘটনায় কিশোরীর বাবা জয়নাল ও নাজিমকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা করেন। ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ১০ জন সাক্ষ্য দিয়েছেন।