Published : 14 Aug 2025, 04:27 PM
বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সাড়ে ৭টা থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া।
এ সময় বিশৃঙ্খলার আশঙ্কায় আশপাশের বেশ কয়েকটি কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দীর্ঘক্ষণ বুঝিয়ে সকাল ১০টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১০ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত চারদিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কথা থাকলেও আবারও ৪ দিনের সাধারণ ছুটির নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা সে নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে।
গত বছরের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নাসা গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এর পর থেকেই গ্রুপটির একাধিক শিল্প কারখানা সংকটে পড়ে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “নাসা গ্রুপের কারখানায় প্রতি মাসের ৭ তারিখে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার সময় থাকলেও তারা না দিয়ে কারখানাটি চার দিনের বন্ধ ঘোষণা করে এবং ১৪ অগাস্ট শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেয়।
কিন্তু শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার তাদের পাওনাদি নিতে এসে দেখে আরো চার দিনের বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পরে বিক্ষোভ শুরু করে।
মিন্টু আরও বলেন, কারখানার সমস্যার সমাধানে বিকালে বিজিএমইএ ভবনে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা হবে। সেখানে শ্রমিক প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার কথা আছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি পোশাক কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।