গাজীপুরে আওয়ামী লীগের নেতার ঝুট গুদামে অগ্নিসংযোগ
রাত ৯টার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর নগরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার একাধিক ঝুট গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার জেলখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নগরের মডার্ন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. সেলিমের (কিং সেলিম) গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারেননি।
পরে বেলা সাড়ে ৩টার দিকে কোনাবাড়ী ও ভোগড়া বাইপাস এলাকার মডার্ন ফায়ার স্টেশন এবং সারাবো ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাটিকে নাশকতা উল্লেখ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা রুহুল আমিন বলেন, “প্রথমে একটি গুদামে অগ্নিসংযোগ করা হয়। পরে তা আশপাশের আরও পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুলাহ আল আরেফীন বলেন, “দুপুরে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবর পাই। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।”
