গোপালগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল চিকিৎসকের
ওই চিকিৎসক দম্পতি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন।
গোপালগঞ্জে সদর উপজেলায় এক তরুণ চিকিৎসক দম্পতির মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে স্বামী নিহত ও স্ত্রী গুরতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।
হতাহতরা হলেন, অর্ঘ্য অমৃত মন্ডল ও প্রতিভা সরকার মিতু। তারা ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
পরিদর্শক আবুল হাসেম বলেন, ওই চিকিৎসক দম্পতি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সোনাসুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
পরে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে তার স্ত্রী প্রতিভা সরকার মিতুকে সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত চিকিৎসকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
