জাবি শিক্ষার্থী ‘ধর্ষণ’: দেড় মাসেও গ্রেপ্তার হয়নি আসামি, ‘মামলা তুলতে চাপ’
সম্প্রতি ভুক্তভোগীর আপত্তিকর ছবি অনলাইনে প্রকাশের পর সাইবার সুরক্ষা আইনে আরেকটি মামলা করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়নি দেড় মাসেও। মামলাটি প্রথমে আশুলিয়া থানায় করা হলেও পরে তা ডিবিতে হস্তান্তর করা হয়।
এর মধ্যে আসামিপক্ষ মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি বিয়ের প্রস্তাবও দিচ্ছে বলে দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর।
তবে আসামিকে গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ জানানোর কথা বলছেন প্রক্টর এ কে এম রাশিদুল আলম।
প্রধান আসামি তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২৪ ফেব্রুয়ারি ঘটনার পরদিন মামলা হলেও তিনি এখনও পলাতক আছেন।
ভুক্তভোগী ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারিকুল আমার ও পরিবারের ওপর ধারাবাহিকভাবে হয়রানি চালিয়ে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।
“সে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অনলাইনে একটি নথি পোস্ট করেছে, যেখানে ২৮৯টি আপত্তিকর ও বিকৃত ছবি সংবলিত একটি গুগল ড্রাইভ লিংক যুক্ত করা হয়েছে।”
এ ঘটনায় ৫ এপ্রিল ভুক্তভোগী সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫(২) ধারায় তারিকুল ও অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই রাসেল আহমেদ বলেন, “মামলাটি তদন্ত করছি। আলামত সংগ্রহ করে আমরা সেগুলো সিআইডির বিশেষজ্ঞদের কাছে পাঠাব।”
ডিবির এসআই আরিফ বলেন, “আসামি মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগী ও তার পরিবারকে চাপ দিচ্ছে, এমন কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। মামলাটি তদন্ত করছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।”
ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, প্রায় দেড় বছর আগে ক্যাম্পাসে তারিকুলের সঙ্গে পরিচয়ের পর থেকেই নির্যাতনের একটি দীর্ঘ ধারাবাহিকতা শুরু হয়।
তিনি বলেন, “শুরুতে সম্পর্কটা স্বাভাবিক ছিল কিন্তু পরে সেটা নির্যাতনমূলক হয়ে ওঠে। ২০২৫ সালে আমি সম্পর্কটি শেষ করতে চাইলে সে আমাকে তার বাসায় তিন দিন আটকে রাখে এবং আমার ফোন কেড়ে নেয়।”
তিনি বলেন, “সে আমার আপত্তিকর ভিডিও ধারণ করে। ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি।”
পরবর্তীতে ওই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং বারবার নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওই ছাত্রীর।
ভুক্তভোগীর ভাষ্য, প্রতিরোধ করার চেষ্টা করলে তরিকুল ছাত্রীর ভাই-বোনদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে বলতেন, “এটা কি তোমাদের বোন?” এ ছাড়া ভিডিওটি এলাকায় ও ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
তিনি বলেন, “২৪ ফেব্রুয়ারি আমি দেখা করতে অস্বীকৃতি জানালে সে আমার হলের সামনে অপেক্ষা করে। পরে জোর করে আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে মারধর ও আটকে রেখে ধর্ষণ করা হয়।”
তিনি বলেন, “এক পর্যায়ে সে কক্ষ থেকে বের হলে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে ৯৯৯-এ ফোন করি। পরে সে ফিরে এসে দরজা ভাঙার চেষ্টা করলে আশপাশের লোকজন জড়ো হয়, তখন সে পালিয়ে যায়।”
আশুলিয়া থানার এসআই মিরাজ আকন বলেন, ২৪ ফেব্রুয়ারি রাতে ৯৯৯-এ ফোন পাওয়ার পর ইসলামনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তবে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আসামির পরিচিত বা আত্মীয় পরিচয়ে কিছু ব্যক্তি আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, “আমি সহায়তা চেয়ে আবেদন করেছি, কিন্তু কোনো আপডেট পাইনি।”
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফাইজান আহমেদ অর্ক বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের সম্পদ হিসেবে দেখে, নাকি বোঝা হিসেবে? এই প্রশ্নটাই এখন গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “আমি যখন এ ঘটনার সঙ্গে যুক্ত হয়ে দৌড়ঝাঁপ করছি, তখন বারবার দেখছি নামকাওয়াস্তে কিছু আলাপ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেই। বরং এক ধরনের অনীহা স্পষ্ট।
“এত বড় ঘটনার পরও, যেখানে বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রী ভুক্তভোগী, সেখানে প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। পুলিশ, ডিবি, র্যাবের সঙ্গে যোগাযোগ ও অনুসরণের দায়িত্বও আমাদেরই নিতে হচ্ছে”, যোগ করেন অর্ব।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হরে কৃষ্ণ কুণ্ডু বলেন, “ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি চিঠি দিয়েছি, যাতে তাকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।”
“আমরা সরাসরি কাউকে বাধ্য করতে পারি না, তবে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি যেন তারা প্রয়োজনীয় সহযোগিতা করে”, বলেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষ্ণ কুণ্ডু বলেন, “মানসিকভাবে স্থিতিশীল হয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”
তবে মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “এক মাসের বেশি সময় পার হয়ে গেছে, এখনো আসামি গ্রেপ্তার হয়নি- এটা ঠিক হয়নি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, “আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং দ্রুত আসামি গ্রেপ্তারের জন্য অনুরোধ জানিয়েছি। পুলিশ আমাদের জানিয়েছে, তারা চেষ্টা করছে।”
তবে ভুক্তভোগীকে সহায়তা না করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি।”
