২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় বাইক আরোহী ২ যুবকের মৃত্যু

কোটচাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বলুহর এলাকার ডাকাততলা সেতুর ওপর এ ঘটনা ঘটে বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর।

নিহতরা হলেন- উপজেলার আজমপুর গ্রামের শফিকুল ইসলাম (১৯) ও তার চাচাতো ভাই হাবিবর রহমান (২২)।

পুলিশ জানায়, দুপুরে শফিকুল ও হাবিবর মোটরসাইকেলে করে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সামনে থাকা একটি পাখি ভ্যানকে অতিক্রম করতে গিয়ে তাকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। আহত হাবিবরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান হাবিবর।