কুমিল্লা প্রেস ক্লাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ
এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৪-২৬ বছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে কুমিল্লা জেলায় কর্মরত একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ৫৭ ভোটের মধ্যে তারা দুজনই ৩১টি করে ভোট পেয়েছেন।
রোববার দুপুর ১২টা থেকে শুরু হয় এ নির্বাচনের ভোটগ্রহণ।
টানা তিন ঘণ্টার ভোট চলে বেলা ৩টা পর্যন্ত। যদিও নির্বাচনকে ঘিরে সারাদিনই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে প্রেস ক্লাব আঙিনায়।
এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিকালে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক।
এ সময় নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও মাহবুবুর রহমান ছিলেন।
নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দুটি পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে প্রার্থিতা করছেন ৩১ জন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহ সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের নজরুল ইসলাম দুলাল এবং ডেইলি আওয়ার টাইমের মাহবুব আলম বাবু।
সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয়ের বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভির সেলিম রেজা মুন্সী, পাঠাগার সম্পাদক পদে জিএম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার আলোর নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেশ রূপান্তরের মো. দেলোয়ার হোসেন জাকির।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। এরা হলেন- বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসাইন, দৈনিক ময়নামতির মামশাদ কবির, কালবেলার দিলীপ মজুমদার, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক এবং সমকালের মো. কামাল উদ্দিন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন।
ফলাফল ঘোষণা শেষে প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার বলেন, “নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী, যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেস ক্লাবের সকল কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।”
তিনি বলেন, “বিগত কমিটির সহযোগিতার কারণে এমন সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।”
উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
সবশেষ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।
